যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সেবা বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে।
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টরের’ বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের এই বিভ্রাট দেখা দেওয়ায় হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন।
মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। এটি সংযোগজনিত সমস্যা সৃষ্টি করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যা সমাধানে তারা 'সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে' এবং সেবা স্বাভাবিক করতে 'আক্রান্ত' সার্ভারগুলো পুনরায় চালুর চেষ্টা করছে।
চলতি বছরের শুরুর দিকে গত জানুয়ারিতেও মাইক্রোসফটের সেবায় এ ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। তখন আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।