বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

এনভিডিয়ার পরবর্তী সিইও হিসেবে আলোচনায় কোলেট ক্রেস ও ইয়ান বাক

এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কোলেট ক্রেস ও ইয়ান বাকের নাম উঠছে।

এনভিডিয়ার পরবর্তী সিইও হিসেবে আলোচনায় কোলেট ক্রেস ও ইয়ান বাক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্ববাজারে আধিপত্য বিস্তারকারী চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

এ পরিস্থিতিতে, হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস এবং প্রকৌশলী ইয়ান বাকের নাম আলোচনায় এসেছে। সম্প্রতি হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের নতুন অভিযোগ ওঠার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে তার সম্পর্ক থাকার তথ্য প্রকাশ্যে আসে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াং কখনও আনুষ্ঠানিকভাবে নিজের উত্তরসূরি মনোনীত করেননি। তবে বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের ধারণা, স্বল্পমেয়াদে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ক্রেস ও বাক সবচেয়ে এগিয়ে রয়েছেন।

৫৯ বছর বয়সী কোলেট ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং এর আগে মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি হুয়াংয়ের সঙ্গে নিয়মিত আয়সংক্রান্ত সংবাদ সম্মেলনেও অংশ নেন। সংকটের সময়ে তাকে অন্তর্বর্তীকালীন সিইও করার পক্ষে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য রয়েছেন।

অন্যদিকে, ইয়ান বাক ২০০৪ সালে এনভিডিয়ায় যোগ দেন এবং তিনি সিইউডিএ (CUDA) সফটওয়্যার প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি হাইপারস্কেল এআই বিভাগের পণ্যপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার ভবিষ্যৎ প্রযুক্তিগত অবস্থান ধরে রাখতে একজন প্রকৌশলীকে স্থায়ী সিইও হিসেবে বেছে নিতে পারে পরিচালনা পর্ষদ। আবার ব্যবসা ও প্রযুক্তি-দুই দিক সামলাতে অন্তর্বর্তীকালীন যৌথ নেতৃত্বের ব্যবস্থাও বিবেচনায় আসতে পারে।

এদিকে, সম্ভাব্য বহিরাগত প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আর্মের প্রধান নির্বাহী রেনে হাস, যিনি এনভিডিয়ার সাবেক নির্বাহী এবং সেমিকন্ডাক্টর শিল্পে অভিজ্ঞতা রয়েছে। হুয়াংয়ের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার প্রভাব শেয়ারবাজারে পড়েছে, চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমেছে, ফলে প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে।

বিজ্ঞাপন