প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এসেছে অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামে পরিচিত এই ফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম।
২৪ নভেম্বর রাজধানীর মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই স্মার্টফোনের। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা, যা ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজে উপলব্ধ।
ফোনটির পেছনে তিনটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যার মধ্যে মূল ক্যামেরার পাশাপাশি আলট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথ প্রকৌশল সহযোগিতায় তৈরি এই ক্যামেরা সিস্টেম বিভিন্ন দূরত্ব ও দৃষ্টিকোণ থেকে ছবি তোলার ক্ষেত্রে সূক্ষ্ম বিবরণ ধরে রাখতে সহায়তা করবে।
অপো জানায়, ক্যামেরার রেজল্যুশন ছাড়াও ছবির স্বাভাবিক রং ও আলোর ভারসাম্য ধরে রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের ‘লুমো ট্রু ইমেজ ইঞ্জিন’ ব্যবহার করে ছবির সূক্ষ্ম বিবরণ ফুটিয়ে তোলার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
ভিডিও ধারণের ক্ষেত্রে ফোনটিতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৮কে এবং ১২০ ফ্রেমে ৪কে ভিডিও ধারণের সুবিধা রয়েছে। ৪কে ডলবি ভিশন ও ওপেন গেট ক্যাপচার সুবিধা ভিডিও নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বাড়তি সুবিধা প্রদান করবে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে। ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জিংয়ের জন্য ৮০ ওয়াটের সুপারভুক ও ৫০ ওয়াটের এয়ারভুক চার্জিং প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ‘আমরা বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রথম বিক্রি উদ্যাপন করছি।’ ফোনটি লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে দুই রঙে পাওয়া যাবে।
ফোনটি ঢাকার মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরসহ দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে বিক্রি হচ্ছে।