মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

অভিভাবকদের জন্য টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু

টিকটক নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু করেছে, যা অভিভাবকদের সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে তথ্য দেবে।

অভিভাবকদের জন্য টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু

কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের আরও তথ্য সরবরাহ করতে নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু করেছে টিকটক। ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের স্ক্রিন টাইম, অনলাইন যোগাযোগ এবং কনটেন্টের প্রতি আগ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

নতুন ফিচারে একটি ড্যাশবোর্ড যুক্ত করা হয়েছে, যেখানে অভিভাবকরা দেখতে পারবেন সন্তানের টিকটক ব্যবহারের সময় এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের জন্য কী ধরনের সেটিংস চালু রয়েছে। 'কানেকশন' বিভাগে সন্তানের ফলোয়ার ও ফলোয়িংয়ের সংখ্যা, যোগাযোগের অ্যাকাউন্টগুলো এবং ব্লক করা অ্যাকাউন্টগুলোর তথ্য পাওয়া যাবে।

অভিভাবকরা সন্তানের অনুসৃত ভেরিফায়েড ক্রিয়েটরদের কিছু কনটেন্টের নমুনা দেখতে পারবেন, যা তাদের সন্তানের আগ্রহের বিষয় এবং অনলাইন কমিউনিটি সম্পর্কে ধারণা দেবে। এছাড়া, সন্তানের উন্মুক্ত পোস্টের সংখ্যা এবং প্রতিটি পোস্টের দেখা হওয়ার তথ্যও জানা যাবে।

টিকটক কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন একটি সতর্কবার্তা চালুর উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি বোস্টন চিলড্রেনস হসপিটালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে। নতুন ব্যবস্থায়, কোনো কিশোর-কিশী যদি বারবার নিজেকে ক্ষতি করার সম্পর্কিত শব্দ খুঁজে, তার অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠানো হবে।

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়াতে নতুন এডুকেটরস গাইড চালু করা হয়েছে, যা শিশু-কিশোরদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও টুল সরবরাহ করবে। টিকটকের সেফটি সেন্টারে এই নির্দেশিকা এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে।

টিকটকের কিশোর ব্যবহারকারীদের জন্য এর আগে থেকেই প্রাইভেট অ্যাকাউন্ট, বয়স উপযোগী কনটেন্ট এবং দৈনিক সর্বোচ্চ ৬০ মিনিট স্ক্রিন টাইমের মতো নিরাপত্তাব্যবস্থা রয়েছে। নতুন ফ্যামিলি পেয়ারিং সুবিধা এবং শিক্ষকদের জন্য নির্দেশিকা অভিভাবক ও শিক্ষকদের অনলাইন নিরাপত্তায় আরও সম্পৃক্ত করতে সাহায্য করবে।

বিজ্ঞাপন