রাতের আকাশে বর্তমানে তারার তুলনায় স্যাটেলাইটের সংখ্যা বেশি বলে দাবি করেছেন গবেষকরা। পৃথিবীর কক্ষপথে একের পর এক স্যাটেলাইট যুক্ত হওয়ায় রাতের আকাশের চিত্র পরিবর্তিত হচ্ছে।
গবেষণায় বলা হয়, এই পরিবর্তন শুধু মহাকাশপ্রেমীদের জন্য নয়, বরং দূরবর্তী মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, কৃত্রিম উপগ্রহের সংখ্যা বাড়তে থাকলে মহাবিশ্ব পর্যবেক্ষণের সুযোগ কমে যাবে।
প্রকৌশল প্রতিষ্ঠান অ্যাকু কম্পোনেন্টসের বিশ্লেষণে দেখা গেছে, গত অক্টোবরে যুক্তরাজ্যের ১৮৬টি শহরের আকাশ পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা যায়, গড়ে মাত্র ১০৫টি উপগ্রহ সূর্যের আলো প্রতিফলিত করার কারণে দৃশ্যমান হয়।
রাতের বিভিন্ন সময়ে উপগ্রহের দৃশ্যমানতা পরিবর্তিত হয়। সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের সময় এগুলো তুলনামূলক সহজে দেখা যায়। কারণ, তখন ভূপৃষ্ঠ অন্ধকারে থাকলেও উপগ্রহগুলো সূর্যের আলো পায়।
বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, পৃথিবীর কক্ষপথে সক্রিয় মোট উপগ্রহের প্রায় ৭০% ইলন মাস্কের স্টারলিংকের। ২০১৯ সালে স্টারলিংকের উপগ্রহের সংখ্যা ছিল ১২০টি, যা ২০২৬ সালের অক্টোবরে বেড়ে ১১ হাজারের বেশি হয়েছে।
স্যাটেলাইটের সংখ্যা বৃদ্ধির প্রভাব শুধু রাতের আকাশ দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, উপগ্রহের উজ্জ্বল আলোর রেখা টেলিস্কোপের ছবির মান নষ্ট করছে।
গত জুলাইয়ে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির গবেষণায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে ১৭ লাখের বেশি উপগ্রহ লঞ্চের প্রস্তাব বাস্তবায়িত হলে জ্যোতির্বিজ্ঞান গবেষণায় গুরুতর ব্যাঘাত ঘটতে পারে।