কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে গণিতের একটি বিখ্যাত সমস্যা সমাধানের দাবি করেছেন অ্যানথ্রপিকের কর্মী লেভেন্ট আলপোগ। তিনি জানান, প্রায় ১৭০ বছর ধরে অমীমাংসিত এই সমস্যাটি হলো ‘রিম্যান হাইপোথিসিস’।
২০ নভেম্বর শুক্রবার, আলপোগ বলেন, প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ক্লড ব্যবহার করে তিনি প্রমাণ তৈরি করেছেন। তবে, ক্লডের যে সংস্করণটি ব্যবহার করা হয়েছে, তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়।
আলপোগের দাবি, যদি তার প্রমাণ সঠিক হয়, তবে এটি গণিতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হবে। তবে, বিশেষজ্ঞরা এখনও তার দেওয়া প্রমাণ যাচাই করেননি।
রিম্যান হাইপোথিসিস মৌলিক সংখ্যার বিন্যাস ও বণ্টন নিয়ে একটি গাণিতিক ধারণা। মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যা শুধুমাত্র ১ এবং নিজে দিয়ে নিঃশেষে বিভাজ্য।
আলপোগের তৈরি গাণিতিক প্রমাণটি লিন নামের একটি প্রোগ্রামিং ভাষায় লেখা হয়েছে, যা গণিতের প্রমাণ যাচাইয়ের কাজে ব্যবহৃত হয়। প্রমাণটির লিখিত রূপ ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠারও বেশি।
সম্প্রতি, এআই প্রতিষ্ঠানগুলো কঠিন গাণিতিক সমস্যা সমাধানে নিজেদের সক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করছে। গত সেপ্টেম্বর মাসে ওপেনএআই দাবি করেছিল, তারা এআই ব্যবহার করে নেভিয়ার-স্টোকস সমীকরণের একটি জটিল সমস্যার অংশবিশেষ সমাধান করেছে।
গণিতবিদদের একটি দল সতর্ক করেছে যে, এআই প্রতিষ্ঠানগুলোর বড় গাণিতিক সমস্যা সমাধানের দাবি গণিতবিজ্ঞানের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের মতে, এআই ব্যবহারের উদ্দেশ্য এবং ফলাফলের মধ্যে অসামঞ্জস্য তৈরি হচ্ছে।