কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্লার্ক বলেন, "এআইয়ের সক্ষমতা বর্তমানে অল্প কিছু প্রতিষ্ঠানের হাতে সীমিত রয়েছে, তাই ঝুঁকি মোকাবিলার জন্য নীতিমালা প্রণয়নের সময় খুবই কম।"
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "ভবিষ্যতে এআই নিজেই নিজের সক্ষমতা বাড়াতে পারবে, ফলে এর সম্ভাব্য ঝুঁকি বুঝে নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি মানুষের নাও থাকতে পারে।"
অ্যানথ্রপিক এআইয়ের ঝুঁকি নিয়ে আগেই সতর্কতা জারি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উন্নয়ন কার্যক্রমের গতি কমাতে বড় এআই গবেষণাগারগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন হতে পারে।