বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে

ঢাকায় ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, প্রতিপাদ্য ‘কোয়ালিটি ইন দ্য এজ অফ এআই’。

ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে

বাংলাদেশ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ও টেস্টিং পেশাজীবীদের প্ল্যাটফর্ম ‘স্কোয়াট বাংলাদেশ’-এর চতুর্থ আয়োজন ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ আগামী ৫ ডিসেম্বর ২০২৬ রাজধানীর শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারের সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কোয়ালিটি ইন দ্য এজ অফ এআই’。

মঙ্গলবার সোবহানবাগের ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিম্পোজিয়ামের আহ্বায়ক ড. কেএম হাসান রিপন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবি-এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান।

আয়োজকরা জানান, এবারের সিম্পোজিয়ামে অংশ নেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড-এর বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। তাদের পাশাপাশি দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ারিং ও কোয়ালিটি লিডার, সিআইও/সিটিও, প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদদের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।

দিনব্যাপী এই আয়োজনে থাকছে গ্লোবাল এক্সপার্টস মাস্টারক্লাস, কিনোট ও প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল নেটওয়ার্কিং, সার্টিফিকেশন এবং ক্যারিয়ার ইনসাইটস। অংশগ্রহণকারীরা আইএসটি কিউবি গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার-এর স্বাক্ষরিত ‘সার্টিফিকেট অফ পার্টিসিপেশন’ পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশে ১০,০০০ সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখা এবং সফটওয়্যার কিউএ ও টেস্টিংকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প ও আইটি সেবা রপ্তানি প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করাই বিএসটিবি-এর লক্ষ্য। বক্তারা উল্লেখ করেন, এআই-এর যুগে সফটওয়্যার কোয়ালিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং দক্ষতা, সার্টিফিকেশন, কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের সুযোগকে একই ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসাই তাঁদের উদ্দেশ্য।

বিজ্ঞাপন