বাংলাদেশে এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরতে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
‘স্পাইকস্টোরি লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব এবং উদীয়মান এআই ক্রিয়েটররা একত্রিত হন। ‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা।
গত ১২ আগস্ট শুরু হওয়া প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে দেশের বিভিন্ন প্রান্তের ক্রিয়েটরদের এআই-নির্ভর সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। চারটি বিভাগে—‘এআই অ্যাডভারটাইজমেন্ট’, ‘এআই শর্ট ফিল্ম’, ‘এআই মিউজিক ভিডিও’ এবং ‘এআই ফ্যাশন’—এ ৫ হাজারের বেশি কাজ জমা পড়ে।
এই উদ্যোগের আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয় এবং ডিজিটাল মাধ্যমে দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর সাফল্য অর্জিত হয়। জমা পড়া কাজগুলো মূল্যায়নের মাধ্যমে সেরা ৬০ জন ফাইনালিস্ট নির্বাচন করা হয়। তাদের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই সেন্টারে দুই দিনব্যাপী ‘এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প’ অনুষ্ঠিত হয়।
সামিট পর্বে তিনটি ‘কিনোট সেশন’ এবং দুটি ‘প্যানেল ডিসকাশন’ অনুষ্ঠিত হয়। ‘সিবস সলিউশন’-এর প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী ‘ডেমোক্র্যাটাইজিং ফিল্মমেকিং’ বিষয়ে আলোচনা করেন। ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ‘দ্য এআই জেনারেশন’ নিয়ে বক্তব্য দেন।
প্রথম প্যানেল ডিসকাশনে ‘এআই অ্যান্ড দ্য নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন’ নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় প্যানেল ডিসকাশনে ‘হিউম্যান ক্রিয়েটিভিটি ভার্সাস এআই এফিশিয়েন্সি’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
সামিটের পর অনুষ্ঠিত হয় প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড শো, যেখানে নির্বাচিত সেরা ক্রিয়েটর ও তাদের কাজকে পুরস্কৃত করা হয়।