বাংলাদেশে মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বৃহস্পতিবার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় থেকে এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।
আইএলও জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া এবং চলমান অস্থিরতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংস্থাটি শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প সম্পর্কের ওপর এই অস্থিরতার প্রভাব সম্পর্কে বিশেষ মনোযোগ দিচ্ছে।
বিবৃতিতে আইএলও সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানায় যাতে তারা আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বন করে। সংস্থাটি নিম্নতম মজুরি বোর্ডকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সকলের সহযোগিতা কামনা করে।