স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সরকার গুরুত্ব দেয়। তবে তিনি উল্লেখ করেন, কিছু ঘটনার কারণে পুরো পরিস্থিতি অবনতি হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।
রাজধানীর রাড্ডা ও মানিকদিতে হামলার ঘটনার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, দেশে ধর্মীয় সম্প্রীতি বর্তমানে অনেক ভালো। উৎসবের পরিবেশে সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮শ' পূজা মন্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা।
এ বছর পূজার জন্য বরাদ্দ ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পূজা মন্ডপের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশি বলে জানান মন্ত্রী।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি ও অর্থ বরাদ্দ বাড়ানোতে তারা সন্তুষ্ট। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান, পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেফতার না করতে।