মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামের এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকা বিল দেখানো হয়েছে।
বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসত। কিন্তু এবার ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে প্রায় ৩০ হাজার টাকা বিল করা হয়েছে, যা তাকে হতবাক ও চিন্তিত করেছে।
তিনি বলেন, গত বুধবার মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসে বিল দিতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিলটি সংশোধন করে দেন। সংশোধিত বিলে তার গত তিন মাসের বকেয়াসহ চলতি মাসের মোট বিল ৭০৫ টাকা দেখানো হয়, যার পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৭১২ টাকা।
এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা এফ এম শাহীন আহসান মুঠোফোনে বলেন, ‘বিলের কাগজ না দেখে মন্তব্য করা সম্ভব নয়। পুরোনো কোনো বিলের টাকা যুক্ত হতে পারে। তবে ২০ ইউনিটের বিল এত টাকা হওয়ার কথা নয়।’
এটি প্রথমবার নয়, এর আগে মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির তৎকালীন জিএম মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে বিলটি সংশোধন করে গ্রাহককে দেওয়া হয়।