রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গতকাল বুধবার ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই পরীক্ষার মাধ্যমে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
এদিকে, বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের বিশেষ কার্গো এখনও রাশিয়া থেকে পৌঁছায়নি। তবে, আশা করা হচ্ছে যে, চালানটি শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছাতে পারে।
এর আগে, ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম আনার সব প্রস্তুতি নেওয়া হলেও পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি বাতিল হয়। পরে দেশটির অনুমতি পাওয়া গেছে।
রাশিয়া থেকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে কার্গোটি। বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম পাবনার রূপপুরে নিয়ে যাওয়া হবে। চলতি বছর দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের জন্য ২ চালান ইউরেনিয়াম আসবে।