বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার

সরকার বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে।

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘দ্য রোড টু আনতালিয়া: ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড এনডিসি ৩.০’ শীর্ষক প্রাক-কপ৩১ আন্তর্জাতিক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ ফরিদুল ইসলাম আরও জানান, শহরাঞ্চলের বায়ুদূষণ কমাতে বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস আমদানিতে ব্যবসায়ীদের কর কমানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ইটভাটাগুলোকে পরিবেশবান্ধব করার পাশাপাশি সেখানে কাঠের ব্যবহার সম্পূর্ণ বন্ধে সরকার কাজ করছে। ওয়েবিনারে বক্তারা উন্নয়নশীল দেশগুলোর ‘এনডিসি ৩.০’ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর নেতৃত্বে বছরে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য রয়েছে। উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন খাতেই বছরে প্রায় ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হতে পারে।

বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম জানান, ২০০৯ সালে নিজস্ব অর্থায়নে জাতীয় জলবায়ু তহবিল গঠন করে বাংলাদেশ বিভিন্ন অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে বাড়তে থাকা জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ কাজে লাগানো জরুরি।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন।

বিজ্ঞাপন