রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো বাংলাদেশে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল, তবে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণে তা বাতিল হয়। পরে পাকিস্তানের অনুমতি পাওয়ার পর এই বিশেষ কার্গো বাংলাদেশে আসছে।
বিশেষ নিরাপত্তার মধ্যে ইউরেনিয়াম রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। চলতি বছর মোট সাতটি ইউরেনিয়াম চালান আসবে। এর মধ্যে প্রথম ইউনিটে তিন মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়েছে।
তবে সেফটি ভালভের নিরাপত্তা ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন এখনও শুরু হয়নি। রাশিয়ার প্রকৌশলীরা বর্তমানে মেরামতের কাজ শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।