বাংলাদেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর সিস্টেম চালু হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে দৈনিক গড় লেনদেন সাড়ে ৩ লাখ টাকা হচ্ছে। এর ফলে প্রতিদিন মোট ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা হাতবদল হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯০ দিনে বাংলা কিউআরের লেনদেনের সংখ্যা সাড়ে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে, এবং টাকার অঙ্কে প্রায় ৫ গুণ বেড়েছে।
বাংলা কিউআর সিস্টেমের মাধ্যমে লেনদেনকে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ১ অক্টোবর থেকে কিউআর পেমেন্টের টাকা তাৎক্ষনিকভাবে ব্যবসায়ীদের কাছে পৌঁছাবে।
এছাড়াও, ব্যক্তি থেকে ব্যক্তিতে সরাসরি টাকা পাঠানোর সুবিধা নভেম্বর থেকে চালু হবে। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অতিরিক্ত চার্জ বাতিল হওয়ায় লেনদেনের খরচ কমবে।
ব্যবহারকারীদের উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত কিউআর লেনদেনে প্রণোদনা দেওয়া হবে। কোনো কারণে পেমেন্ট ব্যর্থ হলে দ্রুত টাকা ফেরতের ব্যবস্থাও থাকবে।