বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাঝআকাশে পাইলটদের হাতাহাতি, ইসরায়েলগামী বিমান জরুরি অবতরণ

মাঝআকাশে পাইলটদের হাতাহাতির কারণে ফ্লাইদুবাইয়ের বিমান জরুরি অবতরণ করেছে সৌদি আরবে।

মাঝআকাশে পাইলটদের হাতাহাতি, ইসরায়েলগামী বিমান জরুরি অবতরণ

মাঝআকাশে উড্ডয়নরত অবস্থায় পাইলট ও সহ-পাইলটের মধ্যে হাতাহাতির কারণে দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি নামানো হয়।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, নিরাপত্তা ঝুঁকির কারণে বিমানটির গতিপথ পরিবর্তন করা হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যমতে, বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর প্রথমে একটি জরুরি বিপদ সংকেত পাঠায়।

কিন্তু কিছুক্ষণ পর বিমানটি ছিনতাই বা হাইজ্যাকের জন্য নির্ধারিত বিশেষ কোড সংকেত পাঠাতে শুরু করে। পরে সেই কোড প্রত্যাহার করে পুনরায় সাধারণ জরুরি সংকেতে ফিরিয়ে আনা হয়। এই সংকেতের পর ইসরায়েলজুড়ে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামরিক যুদ্ধবিমান পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় ইসরায়েলি বিমানবাহিনী। একই সাথে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি পরামর্শ বৈঠকে বসেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বা বিমান ছিনতাইয়ের ঘটনা নয়। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও শারীরিক হাতাহাতির কারণে এই সংকট সৃষ্টি হয়।

বিমানটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন, যাদের সিংহভাগই ইসরায়েলের নাগরিক। তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নিরাপত্তা প্রটোকল মেনে বিমানটি সৌদি আরবে অবতরণ করে।

বিজ্ঞাপন