রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন: রাড্ডা হাসপাতালে হামলার পিছনে রাজনৈতিক যোগসাজশ?

হাসনাত আব্দুল্লাহ রাড্ডা হাসপাতালে হামলার পেছনে রাজনৈতিক যোগসাজশের অভিযোগ তুলেছেন।

হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন: রাড্ডা হাসপাতালে হামলার পিছনে রাজনৈতিক যোগসাজশ?

মিরপুরের রাড্ডা হাসপাতালে হামলার ঘটনা নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই হামলার সাথে যদি রাজনৈতিক নেতৃত্ব ও পুলিশের যোগসূত্র থাকে, তাহলে এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাবের একটি উদাহরণ।

২৬ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেন, গত বৃহস্পতিবার রাতে রাড্ডা হাসপাতালে হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির অনুসারী মোহাম্মদ হানিফের নেতৃত্বে দুই থেকে আড়াইশো লোক ছিল।

হাসনাত আরও জানান, হামলার সময় হাসপাতালের সামনে পুলিশের দুটি গাড়ি উপস্থিত ছিল। হামলার শুরুতে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। মিরপুরের পুলিশের ডিসি সংবাদমাধ্যমকে জানান, হামলার সময় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, ১৯৭১ সালের আগে এই জমিটি বিহারিদের সম্পত্তি ছিল। মুক্তিযুদ্ধের পর গৃহায়ন কর্তৃপক্ষ জমিটি অধিগ্রহণ করে এবং ১৯৭৪ সাল থেকে সেখানে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। বর্তমানে জমিটির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান।

তিনি প্রশ্ন তোলেন, যদি জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান থাকে, তাহলে কোনো পক্ষ কিভাবে শত শত লোক নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালাতে পারে? এছাড়া, পুলিশ কেন হামলার সময় ঘটনাস্থল থেকে সরে গেল?

হাসনাতের দাবি, এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি উল্লেখ করেন, এই ১০ কাঠা জমির বর্তমান বাজারমূল্য ৫০ থেকে ১০০ কোটি টাকা। তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির মাধ্যমে এই জায়গা দখল হয়ে যাবে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হানিফসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন