রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ২৮০-৩০০ জনকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকৃতদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, জাসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সদস্যরা নাশকতা করার উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
ডিসি হারুন বলেন, "সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নিয়েছে। স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে সহায়তা করেছে। তারা আসলে কী উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিল, তা যাচাই-বাছাই করা হচ্ছে।"
তিনি আরও বলেন, আটককৃতদের পল্টন থানায় নিয়ে যাওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য। যাচাই-বাছাই করে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা হবে।
এর আগে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন, এমন খবরে যুবদলের নেতাকর্মীরা ভবনটি ঘেরাও করে। এ সময় যুবদলের নেতাকর্মীরা স্লোগান দেন।