চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অবস্থান নিয়েছেন।
শনিবার সকাল থেকে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে। এসময় তারা গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিবাদ প্রকাশ করেন। বিভিন্ন দেয়ালে তাদের দাবির পক্ষে স্লোগান লেখা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য শেখ শরিফুল আলমের উদ্দেশ্যে লাল কার্ড প্রদর্শন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, নতুন উপাচার্যকে কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
শিক্ষার্থীরা আরও বলেন, সাবেক উপাচার্যকে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রতিবাদ মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
এদিকে, শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও কর্মবিরতি পালন করছেন।