চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) তার কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভিসির কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন এবং ফটকে তালা ঝুলিয়ে দেন। এই সময় তারা ‘তালা তালা হবে, ভিসি ভবন তাল হবে’ স্লোগান দেন।
গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয় ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে।
আন্দোলনটি জোরদার করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ক্লাস ও পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।