আগামী বছরে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এই তথ্য জানান।
নির্বাচনের প্রথম ধাপ রোজার আগে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি এবং রোজার পরে তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য মোট ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব প্রতীক প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন আশা করছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।