ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন অন্যান্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা জানিয়েছেন, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোর বিষয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নির্ধারণ অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আজকের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে। তিনি বলেন, ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না।
তিনি আরও জানান, তফসিল ঘোষণা করবেন মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো নির্ধারণ করবে।