যুক্তরাষ্ট্রের ছয়জন সিনেটর রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা অবিলম্বে বাতিল করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিনেটররা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা চলাকালীন মস্কোকে আর্থিক সুবিধা দেওয়া উচিত নয়। রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা ট্রাম্প প্রশাসনকে এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান।
সিনেটরদের অভিযোগ, প্রশাসন কংগ্রেসের সঙ্গে কোনো পরামর্শ করেনি এবং সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় কোনো বিবৃতিও জমা দেয়নি। বিবৃতিতে তারা জানান, রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে, তাই মস্কোকে আর্থিকভাবে সহায়তা দেওয়া উচিত নয়।
এই ছয়জন সিনেটরের মধ্যে চারজন রিপাবলিকান এবং দুইজন ডেমোক্র্যাট। রিপাবলিকান সিনেটররা হলেন মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাউস্কি, নর্থ ক্যারোলাইনার থম টিলিস এবং ইউটার জন কার্টিস। ডেমোক্র্যাট দলের সদস্যরা হলেন নিউ হ্যাম্পশায়ারের জিন শাহিন এবং কানেকটিকাটের রিচার্ড ব্লুমেনথাল।
সিনেটর থম টিলিস বলেন, রাশিয়া থেকে ডিজেল কেনার পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রেসিডেন্ট আইন অনুসরণ করছেন না। তিনি উল্লেখ করেন, রাশিয়া যুদ্ধ শুরু করেছে এবং তাদের দখলকৃত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার সুযোগ রয়েছে।
ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে একটি সমঝোতা হয়েছে, যার আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে।
এদিকে, ট্রাম্পের এই ঘোষণায় মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ সৃষ্টি হয়। কারণ, এর কয়েক সপ্তাহ আগে কংগ্রেসে একটি আইন পাস হয়েছিল, যার মাধ্যমে রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের প্রধান আমদানিকারক দেশগুলোর ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের নির্দেশ দেওয়া হয়েছিল।
সিনেটররা তাদের বিবৃতিতে উল্লেখ করেন, ২০২২ সালে কংগ্রেস স্পষ্টভাবে রাশিয়ার জ্বালানি আমদানি নিষিদ্ধ করেছিল, যাতে মার্কিন অর্থ দিয়ে মস্কোর যুদ্ধ পরিচালনার সুযোগ তৈরি না হয়।