রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বরাবর এই মনোনয়নপত্র জমা দেন তিনি।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেন, গত নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন।

তিনি আরও জানান, এমপি হিসেবে নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁওকে দুর্নীতি-সন্ত্রাস মুক্ত করতে চান এবং এলাকায় চাঁদাবাজি ও মাদক নির্মূল করে সমাজে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চান।

এদিকে, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এই আসনটি শুন্য হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

বিজ্ঞাপন