মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেনেসি সফরে সিএনএনের সাংবাদিকদের এয়ার ফোর্স ওয়ানে সফরের অনুমতি দেয়া হয়নি। শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্পের টেনেসিতে একটি কলেজ ফুটবল ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে।
হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত গণমাধ্যম ও সরকারের মধ্যে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে প্রকাশিত মিডিয়া সূচিতে সিএনএনের নাম অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে তারা প্রেসিডেন্টের সফরে অংশগ্রহণের সুযোগ হারিয়েছে।
সিএনএন জানায়, তাদের জায়গায় অন্য কোনো সংবাদমাধ্যমকে রাখা হয়েছে কি না, সে বিষয়ে প্রেসিডেন্টের প্রকাশিত সূচিতে কিছু উল্লেখ নেই। বিবিসি হোয়াইট হাউসের কাছে এই বিষয়ে মন্তব্য চেয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন সিএনএন, পলিটিকো ও এমএস নাউয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। ট্রাম্প অভিযোগ করেন যে এই সংবাদমাধ্যমগুলো তার প্রশাসন সম্পর্কে ‘কল্পকাহিনি’ বা ‘মিথ্যা’ প্রতিবেদন প্রকাশ করছে।
তবে, এসব সংবাদমাধ্যম এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং নিষেধাজ্ঞাকে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায়।
হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ কাভারেজে অংশগ্রহণকারী পাঁচটি টেলিভিশন নেটওয়ার্ক এবিসি, সিবিএস, ফক্স নিউজ, এনবিসি ও সিএনএন নিষিদ্ধ সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সংহতি জানিয়ে প্রেসিডেন্টের কাভারেজ সাময়িকভাবে বন্ধ রাখে।
এদিকে, শনিবার দুপুরে টেনেসির নক্সভিলের নিল্যান্ড স্টেডিয়ামে ইউনিভার্সিটি অব টেনেসি ও ইউনিভার্সিটি অব টেক্সাসের মধ্যকার কলেজ ফুটবল ম্যাচে ট্রাম্পের উপস্থিত থাকার কথা রয়েছে।