এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "ক্ষমতা ও সংখ্যাগরিষ্ঠতার জোরে চব্বিশের অভ্যুত্থান ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চাই তরুণরা জাগ্রত আছে।" তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বিএনপি সরকার নতুন একটি বাজে উদ্যোগ গ্রহণ করছে। ১০ম গ্রেডের নিয়োগ পিএসসির কাছ থেকে সরিয়ে নিয়ে নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "অন্যান্য ১০ম গ্রেডের পদের মত উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে দীর্ঘদিন ধরে চলছে।" তিনি আরও জানান, মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায় এবং পিএসসি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে।
তিনি বলেন, "বিএনপি সরকার সব নিয়োগ সরকারের নিয়ন্ত্রণে নিতে চাইছে।" তিনি উল্লেখ করেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী নেতৃত্বে একটি কমিটি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ করছে।
হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করেন, "কেন পিএসসি পারছে না?" তিনি বলেন, "সরকার নিয়োগকে নিয়ন্ত্রণ করতে চাইছে, যা দুর্নীতির মাধ্যমে পছন্দের ব্যক্তিদের নিয়োগের উদ্দেশ্য হতে পারে।"
তিনি আরও বলেন, "সরকারি চাকরির নিয়োগে বৈষম্য করার কারণেই দেশের ছাত্ররা আন্দোলনের সূত্রপাত করেছিল, যা থেকে কালজয়ী অভ্যুত্থান হয়েছে।" তিনি সতর্ক করেন যে, নিয়োগে দুর্নীতি করে লাভবান হওয়ার চিন্তা কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না।