সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
বুধবার সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাইদুর রহমান খান জানান, ‘দুদক প্রাথমিক সত্যতা পেয়েই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। স্লিপ অব টাংয়ের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তার (পিআর) ব্যক্তিগত ভুল ছিল।’
দুদকের সহকারী পরিচালক ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি দল সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায়। তারা জানান, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ তুলে ধরতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দাবি করেন, বিএনপি সরকারের সময়ে সংঘটিত পদোন্নতির ঘটনায় অর্থ লেনদেনের দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করছে দুদক।