জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব এবং সম্পদ সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে।
এতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা সব ধরনের হিসাবের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডি আর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্র।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনসংক্রান্ত দলিল ও রেকর্ডপত্রের তথ্যও প্রয়োজন। এছাড়া, বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওই পাঁচ দেশে তাদের ব্যাংক হিসাব বা বিনিয়োগের অস্তিত্ব রয়েছে কি না, সে সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।
দুদক জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে চলতি মাসের শুরুতে।