সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ

দুদক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।

দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নতুন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, আসিফের বিরুদ্ধে নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেন, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়া এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, কমিশন নতুন অভিযোগগুলো অনুসন্ধানের অনুমোদন দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং সারাদেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনে আসিফ মাহমুদ জড়িত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদ হেলিকপ্টারে ভ্রমণ করে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছেন। বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস এবং দামি গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে।

বিদেশে অর্থ পাচারের অভিযোগে বলা হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইস ব্যাংকে অর্থ জমা করেছেন আসিফ মাহমুদ। অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে।

আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তার দুই বোনজামাই ও এক ভাগ্নের মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচার করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও অর্থ গ্রহণের প্রক্রিয়ায়ও অনিয়মের অভিযোগ রয়েছে।

দুদক জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

বিজ্ঞাপন