দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে। দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের জানান, এই অনুসন্ধানে কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নেই।
সাইদুর রহমান খান বলেন, "দুদক পাঁচ মাসের বেশি সময় ধরে কাজ করছে এবং আমাদের পেন্ডিং বিষয়গুলো নিয়ে অনুসন্ধান চলছে।" তিনি আরও জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারসহ কোটি টাকার পদায়ন-বদলি বাণিজ্যের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।
এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও চট্টগ্রাম সিটির সাবেক মেয়র নাছির উদ্দীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার কথাও জানান। রুহুল হকের বিরুদ্ধে ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় দেড়শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র নাছির উদ্দীনের বিরুদ্ধে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাইদুর রহমান খান বলেন, "দুদক আইন ২০০৪ এর ২৭ এর ১ ধারা অনুযায়ী এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ এর ২ ও ৪ এর ৩ ধারায় কমিশন এজাহার দায়েরের অনুমতি প্রদান করেছে।"
এদিকে, সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকে নকশা অনুমোদনে জালিয়াতি ও যথাযথভাবে ইমারত পরিদর্শন না করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।