বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগের ফলে লক্ষ্মীপুরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও সরকারীকরণের আওতায় আসে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার প্রসারে আন্দোলন, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
এ্যানি আরও বলেন, তারা দুজন আজ বেঁচে না থাকলেও তাদের সন্তান তারেক রহমান শিক্ষার উন্নয়ন ও নতুন প্রজন্মকে শক্তিশালী করার বিষয়ে কাজ করে যাচ্ছেন। তিনি জুলাই আন্দোলনে আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অনেকেই ত্যাগ স্বীকার করেছেন এবং অনেক পরিবার নিঃস্ব হয়েছে।
মন্ত্রী বলেন, এসব পরিবারের প্রতি শুধু সমবেদনা জানানোই নয়, তাদের পাশে দাঁড়ানোর বিষয়েও বিশেষ নজর রয়েছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।