শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে বেআইনি নির্দেশনা না দেওয়ার কথা জানান সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন।

স্থানীয় সরকার নির্বাচনে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন পরিচালনায় পুলিশের প্রশিক্ষণ কোর্স শেষে তিনি একথা বলেন।

এসময় আওয়ামী লীগের কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে কিনা– এমন প্রশ্নে সিইসি বলেন, আইন অনুসারে যাদের বাধা থাকবে না, তারাই ভোটে অংশ নিতে পারবেন। তিনি জানান, নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশেরও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, ‘নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা নির্বাচনের সময় যাবে না। একদম নিশ্চয়তা দিতে পারি যে, আমরা কোনো বেআইনি নির্দেশনা উনাদের দেব না। উনারা ওয়াদা করেছেন একটা সুন্দর নির্বাচন করার জন্য।’

মনোনয়নপত্র দাখিলের দিন আসলে আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরা মনোনয়ন দাখিল করতে পারবেন বলে জানান সিইসি। যারা আইনি বাধার কারণে যোগ্য হবেন না, তারা মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন না।

এসময় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হাসান ফকির জানান, সুষ্ঠু ভোটের স্বার্থে নির্বাচন কমিশনের পরামর্শে প্রয়োজনীয় সবকিছুই করবে পুলিশ। তিনি বলেন, ‘এখন দলীয় সরকার। কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে ইতিবাচক যত পদক্ষেপ নেওয়া দরকার, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সবই আমরা নেব।’

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধ কর্মকাণ্ড নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিলেও আইজিপির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন