কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলার বিপুলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম মোস্তফা কামাল (৬০), তিনি নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা। লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী দ্রতগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপুলেশ্বর এলাকায় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশসহ একপাশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় আরও অন্তত ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান। ওসি ওসমান গনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।