রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২২ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ২৭ জন, আদাবর থানায় ৩৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছেন।
গ্রেফতারদের মধ্যে ১০৪ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে, যিনি আইনের সঙ্গে সংঘাতে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। তবে কোন আসামির বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
তেজগাঁও বিভাগের পুলিশ জানিয়েছে, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।