জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ নামে এক স্বর্ণকারকে চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী রাশেদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে নিজের স্বর্ণের দোকানে হামলার শিকার হন অমৃত। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে এবং তিনি খাটিয়ামারী বাজারে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন। ঘটনার আগে অমৃত ও রাশেদের মধ্যে বিরোধ চলছিল, যা গত কয়েক দিন ধরে কথা-কাটাকাটিতে রূপ নেয়।
শুক্রবার সকালে রাশেদ অমৃতের দোকানে গিয়ে তার চোখে ধারালো রড ঢুকিয়ে গুরুতর আঘাত করেন। স্থানীয়রা জানান, পরে তারা অমৃতকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্বশত্রুতার কারণে সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতের চোখে আঘাত করেন, যার ফলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
ওসি আরও জানান, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত রাশেদকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।