যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে ভারত থেকে ফেরারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরস্কারের ঘোষণা দিয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নাইট ভিশন চশমা, ড্রোন এবং ডগ স্কোয়াডসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ভারতে পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও পলাতক আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অবস্থান করছে। এসব আসামিদের সীমান্ত দিয়ে দেশে ফেরার আশঙ্কায় বিজিবি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রাতের নজরদারি কার্যকর করতে সার্চ লাইট, নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
অতিরিক্ত ৩০টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিজিবি কর্মকর্তা বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে এবং অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। রবিবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।