বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবক আরিয়ান দীপক জৈনকে মুক্তি দিয়েছে আদালত। মুম্বাইয়ের বান্দ্রা থানায় সোনাক্ষীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
পুলিশ জানায়, তদন্তের জন্য আরিয়ানকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আইনগত প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত এই গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে। আদালতে শুনানির সময় অভিযুক্তের আইনজীবীরা অভিযোগ করেন, গ্রেপ্তারের সময় প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি।
এদিকে, সোনাক্ষী সিনহা অভিযোগ করেছেন যে, তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য আরিয়ানের জিজ্ঞাসাবাদ জরুরি ছিল। কিন্তু আদালত পুলিশের যুক্তি গ্রহণ করেনি।
আদালতের ম্যাজিস্ট্রেট মন্তব্য করেছেন, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক। অভিযুক্তের বিরুদ্ধে আনা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি।
অবশেষে আদালত আরিয়ান দীপক জৈনকে মুক্তির নির্দেশ দেয়, এবং পুলিশের হেফাজতের আবেদন খারিজ করে দেয়।