সিঙ্গাপুরে অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ছবি তৈরি করাকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। আগামী সোমবার, ১৭ আগস্ট, থেকে এই আইন কার্যকর হবে।
নতুন আইন অনুযায়ী, কারও সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি তৈরি করা, তা বাস্তব ছবি হোক কিংবা এআই দ্বারা তৈরি, অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
বিশেষ করে, যদি কোনো এআই-নির্মিত বিকৃত ছবিতে ১৪ বছরের কম বয়সী কাউকে দেখানো হয়, তাহলে শাস্তি আরও কঠোর হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের বাধ্যতামূলক কারাদণ্ড এবং জরিমানা প্রযোজ্য হবে।
এছাড়া, নতুন আইনে বিদেশে অপ্রাপ্তবয়স্কদের প্রলুব্ধ করে যৌন নির্যাতনের ঘটনায় সিঙ্গাপুরের কর্তৃপক্ষের বিচারিক ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ভুক্তভোগীর বয়স ১৪ বছরের কম হলে এ ধরনের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এআই নির্মিত ছবি ব্যবহার করে অনলাইন যৌন নির্যাতনের বিরুদ্ধে আইন প্রয়োগের বাধা দূর করাই নতুন বিধানের অন্যতম লক্ষ্য।