মধ্যপ্রাচ্যে ইরানের ওপর হামলা চালাতে আসা মার্কিন সেনারা বর্তমানে চরম খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ অবস্থানরত হাজার হাজার সেনা ও নাবিক ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে রয়েছেন।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সেনারা অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ক্লান্তির কারণে মানবিক সংকটে ভুগছেন। এমনকি, কিছু সেনা জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মাইকেল লেভিন সামাজিক মাধ্যম এক্স-এ জাহাজের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, ক্রু সদস্যরা মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এবং শাওয়ার ব্যবহারে ছত্রাকযুক্ত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
লেভিনের তথ্য অনুযায়ী, রণতরীটিতে সেনারা সপ্তাহে মাত্র একবেলা খাবারে অর্ধেক কাপ ভাত ও দুটি পাউরুটি পাচ্ছেন। এছাড়া, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীরও চরম সংকট দেখা দিয়েছে।
এক নাবিকের স্বজন জানিয়েছেন, দীর্ঘদিনের এই দুঃসহ পরিস্থিতিতে তার স্বজন ২৯ কেজি (৬৫ পাউন্ড) ওজন হারিয়েছেন। নাবিকের পাঠানো শেষ বার্তায় তিনি উল্লেখ করেন, 'আমি মৃতপ্রায় ক্লান্ত। একেবারেই শেষ।'
সামরিক প্রকাশনা মিলিটারি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় থাকার কারণে অনেক সেনা মারাত্মক মানসিক সংকটে ভুগছেন। সম্প্রতি এক নাবিক সমুদ্রের পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তবে স্বজনদের দাবি, এটি মানসিক চাপের কারণে ঘটেছে।