শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে তালেবানের প্রথম ‘বিজয় দিবস’ উদযাপন ১৭ আগস্ট

ভারতে প্রথমবারের মতো ‘বিজয় দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে তালেবান প্রশাসন, অনুষ্ঠান ১৭ আগস্ট।

ভারতে তালেবানের প্রথম ‘বিজয় দিবস’ উদযাপন ১৭ আগস্ট

আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে তালেবান প্রশাসন। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লির আফগান দূতাবাসে এই উপলক্ষে একটি বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ‘বিজয় দিবস’ অভ্যর্থনাকে ভারত ও আফগানিস্তানের বর্তমান প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালের আগস্টে আশরাফ গনি সরকারের পতনের পর এটি তালেবানের প্রথম বড় সামাজিক ও কূটনৈতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকবেন নয়াদিল্লিতে আফগান দূতাবাসের তালেবান নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভারতে বসবাসরত আফগান নাগরিক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র জানায়, এই অনুষ্ঠানটি আগের সরকারী অনুষ্ঠানের মতো সাধারণ সামাজিক ও কূটনৈতিক অনুষ্ঠান হবে। তবে এটি তালেবান প্রশাসনের আয়োজনে প্রথম আনুষ্ঠানিক অভ্যর্থনা। ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে সাম্প্রতিক সময়ে কাবুলের সঙ্গে টেকনিক্যাল ও মানবিক সহায়তাকেন্দ্রিক যোগাযোগ বজায় রেখেছে।

ভারতীয় সরকারের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, তবে সুনির্দিষ্টভাবে কে বা কোন পর্যায়ের কর্মকর্তা যোগ দেবেন তা এখনো স্পষ্ট নয়। অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন কূটনৈতিক প্রতীক—বিশেষ করে পতাকার ব্যবহারের দিকে তীক্ষ্ণ নজর রাখবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে নূর আহমেদ নূরকে ভারতে ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’-এর চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে উল্লেখ করা হয়েছে। বিগত কয়েক মাসে জনসমক্ষে কম আসা এই কূটনীতিক কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে ১৭ আগস্টের অনুষ্ঠানটি হবে ভারতে তালেবান প্রতিনিধির প্রথম বড় ধরনের জনসংযোগ।

বিজ্ঞাপন