নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইয়েমেন। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ শুক্রবার এই সতর্কবার্তা জানিয়েছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইয়েমেনে সামরিক তৎপরতার বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা উদ্বেগজনক। বর্তমানে মারিব, হাজরা/মাউত, আল-মাখা সহ বেশ কয়েকটি অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।
হান্স গ্রুন্ডবার্গ সাধারণ পরিষদে জানান, ইয়েমেন যেকোনো সময়ের তুলনায় নতুন করে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। তিনি অবিলম্বে উত্তেজনা কমানোর এবং একটি শক্তিশালী ও টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেন সংঘাতে জর্জরিত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপে এই সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেয়। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নতুন করে সংঘাতে জড়িয়েছে হুতিরা।