যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক হামলা চালায়, তাহলে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখল করার হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। তিনি সম্প্রতি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন।
নাকদি জানান, ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চলার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করছে।
জেনারেল নাকদি বলেন, ইরানের লক্ষ্য হলো এমন একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যতে ইরানে হামলার আগে অন্য দেশগুলো বড় মাশুলের বিষয়টি ভাবতে বাধ্য হয়।
তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পরদিনই বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে। তবে, ইরানের নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজন নেই বলেও জানান তিনি।
নাকদি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও দাবি করেন যে, প্রতিদিন আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। যুদ্ধ দীর্ঘ হলেও ক্ষেপণাস্ত্র সরবরাহে ঘাটতি হবে না বলে তিনি আশ্বাস দেন।