ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তেহরান। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের পরমাণু কর্মসূচির তথ্য প্রদানকারীদের জন্য ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে, যা ইরানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর ইরানের পক্ষ থেকে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। বিশেষ করে, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে বিভিন্ন সময়ে নাটকীয় ঘোষণা দিয়েছেন। কখনো হামলার হুমকি, কখনো সমঝোতার সম্ভাবনা। তবে মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় পরাজয়ের পর বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
এছাড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন। এ প্রেক্ষাপটে, মার্কিন সেনাবাহিনী ইরানের স্থলপথে সরবরাহ রুট অবরোধে 'আয়রন গেট' নামে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপে হামলা চালিয়েছে। নতুন হামলার শঙ্কায় ইরান পারমাণবিক স্থাপনাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
বুশেহরসহ বিভিন্ন এলাকায় তেজস্ক্রিয়তার প্রভাব কমাতে আয়োডিন ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য ২ কোটি ডলার পুরস্কারের পাশাপাশি তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।
এদিকে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফেরত দেয়ার শর্তে এখনও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো সমঝোতা হয়নি, ফলে কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত।