ইরানের কেশম দ্বীপে সামরিক হামলা চালানোর কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে সীমিত পরিসরে এ হামলা চালানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী একটি নতুন স্থাপনা ধ্বংস করেছে। তিনি জানান, স্থাপনাটি ধ্বংস করতে পাঁচ থেকে ১৫ মিনিট সময় লেগেছে।
ট্রাম্প বলেন, ‘আমরা ছোটখাটো হামলা চালাই। তারা বিমান প্রতিরক্ষার জন্য একটি ছোট ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি প্রায় ১৫ মিনিটের মধ্যে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।’
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, কেশম দ্বীপের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কেশম দ্বীপে বিস্ফোরণের খবরের পর পরিস্থিতি ‘তুলনামূলক শান্ত’ রয়েছে। সেন্টকমের এক কর্মকর্তা বলেন, তারা বিস্ফোরণের খবর সম্পর্কে অবগত আছেন, তবে বিস্তারিত মন্তব্য করতে চাননি।
ট্রাম্প আরও জানান, তেহরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এবং তিনি দাবি করেন যে, আলোচনা অনেক অগ্রগতি করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আলোচনা ব্যর্থ হওয়ার খবর প্রচার করে কেবল যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় যারা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি বলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের ধাক্কা খাওয়ার পর শুক্রবারের হামলাকে ইরানে প্রথম নতুন সামরিক অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে।