সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে সামরিক অভিযান নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ইরানে সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান।

ইরানে সামরিক অভিযান নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে সামরিক অভিযান আরও জোরদার হলে এর সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তারা এই উদ্বেগের কথা জানান।

সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে টানা রাতভর বিমান হামলার পর শুক্রবার রাতে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার ধারাবাহিকতায় সাময়িক বিরতি দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা দফতরের (পেন্টাগন) সূত্র অনুযায়ী, বর্তমানে সামরিক অভিযান ‘স্থগিত’ রাখা হয়েছে।

বৈঠকে জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং যুদ্ধ আরও বিস্তৃত হলে তার সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট চাইলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিদ্যমান সব সামরিক বিকল্প বাস্তবায়নে সক্ষম।”

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং এক বিবৃতিতে জানান, “নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ধারাবাহিক আগ্রাসনের জবাবে ১৩ দিন ধরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।”

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক কমান্ডের অধীনে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে এবং দেশের জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা বজায় রয়েছে।

এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন