শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আল-রাহমা মসজিদে আগুন দেওয়ার অভিযোগ

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আল-রাহমা মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আল-রাহমা মসজিদে আগুন দেওয়ার অভিযোগ

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। এই ঘটনার পর ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে আটক করেছে।

স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কুসরা শহরের আল-রাহমা মসজিদটি আগুনে পুড়ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনা ঘটেছে এমন একটি সময়ে, যখন সাম্প্রতিক হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অভিযানে এখন পর্যন্ত অন্তত ৮০ জনকে আটক করা হয়েছে। নাবলুসের তাল গ্রাম থেকে ৩০ জন, রামাল্লায় ১৪ জন, জেনিনে পাঁচজন, হেবরনে আটজন, বেথলেহেমে তিনজন এবং তুলকারেমে ছয়জনকে আটক করা হয়েছে।

জেনিন শহর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের আওতায় রয়েছে জাবাবদেহ, ফাক্কুয়া, ইয়াবাদ, বুরকিন, জালবুন, কাবাতিয়া, জালকামুস, সিলাত আল-হারিথিয়া, আল-ইয়ামুন, কাফর দান, দেইর আবু দাইফ এবং জুবুবাসহ জেনিন গভর্নরেটের একাধিক শহর ও গ্রাম।

অন্যদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের প্রধান সড়ক এবং বিভিন্ন শহর-গ্রামের প্রবেশপথে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ও অতিরিক্ত নিরাপত্তা তল্লাশিচৌকি স্থাপন করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন