শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নতুন হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

ইরানের বিরুদ্ধে নতুন হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় একটি নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ওয়াশিংটন চাইলে ‘অপারেশন এপিক ফিউরি’র মতো অভিযান আবারও চালাতে পারে।

ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধ শুরুর প্রায় আট মাস পরে এসেছে। তিনি বলেন, 'আমরা হয়তো আবারও ছোটখাটো একটি ‘এপিক ফিউরি’ অভিযান চালাতে পারি।' তবে তিনি নতুন অভিযানের সময়, লক্ষ্যবস্তু কিংবা পরিধি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার খবর বানিয়ে ছড়াচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পনা তৈরি করছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, আগামী মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য হামলা স্বল্পমেয়াদি হলেও তা তীব্র হতে পারে এবং লক্ষ্যবস্তু হিসেবে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভান্ডারকে বিবেচনা করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে ইরানে হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওয়াশিংটন-জেরুজালেম। তবে শেষ মুহূর্তে ট্রাম্প ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ট্রাম্প গত ১৬ অক্টোবর নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন, সামরিক অভিযান শুরু হলে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করছে তার প্রশাসন। তবে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন