যুক্তরাষ্ট্র নীরবেই ইরানে হামলা বন্ধ করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিয়টসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে।
মধ্যপ্রাচ্যে বড় ক্ষয়ক্ষতি এড়াতে হামলা স্থগিত করা হয়েছে। এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদার করতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সপ্তাহ দুই আগে অন্তর্বর্তী চুক্তি ভেঙে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ১৩ দিন ধরে চলা অভিযানে প্রতিদিন হামলার বিবরণ সামাজিক মাধ্যমে দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে শুক্রবার তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি।
নিউইয়র্ক টাইমস ও এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর হামলার পরিকল্পনায় সই করেননি। এর ফলে শেষ মুহূর্তে হামলা বন্ধ করতে হয় সেন্ট্রাল কমান্ডকে।
ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পর হামলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টারা উদ্বেগ প্রকাশ করেন যে, হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে যুদ্ধের আগে ২ হাজার ৩শ' প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল, যার মধ্যে ১ হাজার ৪টির বেশি খরচ হয়েছে। থাড সিস্টেমের মজুদও ফুরিয়ে গেছে।
এক্সিওস জানিয়েছে, চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা জোরদার করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দুই দিন আগে ট্রাম্প দাবি করেন, সময়ের সাথে আলোচনায় আরও আগ্রহী হয়ে উঠছে ইরান। তবে হামলা কতদিনের জন্য বন্ধ হয়েছে তা স্পষ্ট নয়।
প্রয়োজন হলে আবারও পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী।