শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া গৃহবন্দি, অভিশংসিত

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া গৃহবন্দি, অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া গৃহবন্দি, অভিশংসিত

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর গৃহবন্দি করা হয়েছে। তাঁর পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করে এই পদক্ষেপ নেওয়া হয়।

বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে শুক্রবার পেনিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে, নিজ দলের সদস্যসহ আইন প্রণেতারা তাকে ক্ষমতা থেকে অপসারণের পক্ষে ভোট দেন।

বৃহস্পতিবার পেনিয়া পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন, তবে তা গ্রহণ না করে অভিশংসন ও অসদাচরণের অভিযোগে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে, সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি আজীবন সিনেট সদস্যপদ এবং দায়মুক্তির সুবিধাও হারাবেন।

গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার পেনিয়ার হাতে ছিল। তবে তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ডিজিটাল ব্যাংকটির পতন এবং প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সেটি জব্দ করার ঘটনায় দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তাদের সঞ্চয়ের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছে।

ফলে আনুমানিক ৩০ লাখ আমানতকারী তাদের সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না। এই ঘটনার পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাজধানী আসুনসিওনে।

অভিশংসনের অভিযোগে বলা হয়েছে, পেনিয়া স্বার্থের সংঘাত তৈরি করেছেন, নিয়ন্ত্রক সংস্থার তদারকি কার্যক্রমে কারসাজি করেছেন এবং পেনশন তহবিলের অর্থ অন্য খাতে সরিয়েছেন। সরকারি কৌঁসুলি সিলভিয়া মার্গারিটা গনজালেজ ভেস্টার জানিয়েছেন, শনিবার পেনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন পেনিয়ার অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন। সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর পর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

পেনিয়া জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনারা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’ তিনি ২০২৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল দল কলোরাডো পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিজ্ঞাপন